দেশে সোনার দাম কমলো ভরিতে ৫ হাজার টাকা জানেন কি ? দেশের বাজারে স্বর্ণের দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে দাম। ফলে ভোক্তা পর্যায়ে ভালো মানের সোনা এখন আগের চেয়ে সস্তায় কিনতে পারবেন ক্রেতারা।
মঙ্গলবার (২৪ মার্চ) যেখানে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, সেখানে বুধবার (২৫ মার্চ) তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকায়। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দামে কত পড়বে সোনার ভরি?
বাজুস সূত্রে জানা যায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রেক্ষাপটে স্থানীয় বাজারে এই মূল্যসমন্বয় করা হয়েছে। সংগঠনটির বেঁধে দেওয়া নতুন দাম অনুযায়ী—
- ২২ ক্যারেট (সেরা মান): প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
কেন কমলো সোনার দাম?
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জটিল পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দরপতন শুরু হলে তার ধারাবাহিকতায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে।
বিশ্ববাজারের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৫৬০ ডলারে। ঈদের আগে যা ছিল ৪ হাজার ৬৮০ ডলারের ওপরে। এর আগে গত ৩০ জানুয়ারি প্রতি আউন্স সোনা বিক্রি হয় ৫ হাজার ২০০ ডলারে এবং ২৯ জানুয়ারি তা উঠেছিল ৫ হাজার ৫৫০ ডলারে।
রেকর্ড ঊর্ধ্বমুখী দামের পর সংশোধন
উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড দাম ওঠে। ২৯ জানুয়ারি ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ছিল। সেই রেকর্ডের পর এবার বড় ধরনের দাম কমলো সোনায়।

